মাদক নির্মূল কমিটির সদস্যকে ‘বৈদ্যুতিক শকে ' হত্যা

মাদকবিরোধী সভায় হামলা চালিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে আরজু বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের টানবাজার দক্ষিণ র‌্যালি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে অ্যাডভোকেট হামিদা ওরফে লিজা, তার বোন অ্যাডভোকেট আসমা ও হোসনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানায়, র‌্যালি বাগান থেকে মাদক নির্মূলে গঠিত কমিটির সদস্য ছিলেন আরজু বেগম। দুই বছর আগে সাড়ে চার মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের গডফাদার

 

বাদল ও ফরিদ পুলিশের হাতে গ্রেপ্তার হন। ওই দুই নারী আইনজীবী তাদের জামিনে ছাড়িয়ে আনেন। সম্প্রতি দুজনকে এলাকায় পুনর্বাসনের জন্য উঠে পড়ে লাগেন তারা। এই নিয়েই মাদক নির্মূল কমিটির সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গতকাল বিকেলে কমিটির সভায়  হামলা হয়। এ সময় হামিদা, তার বোন আসমা ও হোসনা এবং সরবানুসহ তাদের লোকজন আরজু বেগমকে আটকে গায়ে পানি ঢালার পর বৈদ্যুতিক শক দিলে ঘটনাস্থলেই তার মৃতু হয়। খবর পেয়ে পুলিশ এসে পাঁচজনকে আটক করে।

সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন মণ্ডল দেশ রূপান্তরকে বলেন, আরজু বেগমের লাশ উদ্ধার করতে গেলে বাধা দেয় মাদক নির্মূল কমিটির সদস্যরা। তাদের নিবৃত্ত করে লাশটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।