বনানীর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না : পূর্তমন্ত্রী

রাজধানীর বনানীর ২২ তলা ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বহুতল ভবনে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশ যারা বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গতকাল শুক্রবার ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণেৃ দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড।’
মন্ত্রী বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি যত প্রভাবশালীই হোনÑ বিত্তে, ক্ষমতায়, পদ-পদবিতে তিনি যেই হোন না কেন। অতীতের মতো করে নয়, কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন,

‘আমরা দেখেছি এফ আর টাওয়ার নির্মাণে নকশায় গাফিলতি ছিল। রাজউকে এর নকশা অনুমোদনে কোনো নিয়মের ব্যত্যয় হয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখব।’
গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ভবন অনুমোদন প্রক্রিয়ার মধ্যে নিয়মের ব্যত্যয় হয়েছে কি না, হয়ে থাকলে কারা কারা জড়িত সে বিষয়ে প্রতিবেদন দেবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ডেভেলপার, মালিক এমনকি আমাদের সংস্থার যদি কেউ জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দেবেন, রিপোর্ট দেওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রীর নির্দেশ যেই হোন না কেন, যত শক্তিশালী ব্যক্তিই হোন না কেন এই জাতীয় মর্মান্তিক ঘটনা যে নরপিশাচরা টাকার লোভে ঘটায় তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত তা গ্রহণ করব।’