দুই সেঞ্চুরিতেও অস্ট্রেলিয়াকে হারাতে পারলো না পাকিস্তান

অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি হাঁকালেন আবিদ আলি। তিন অঙ্কের দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বাকিদের ব্যর্থতায় জোড়া সেঞ্চুরিতেও পার পেল না পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে সিরিজের চতুর্থ ওয়ানডেতেও।

শুক্রবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অজিদের কাছে ৬ রানে হারে পাকিস্তান। ২৭৮ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৭১ রান করে দলটি।

পাকিস্তানের মোট রানের মধ্যে ২১৬ রান আবিদ-রিজওয়ানেরই। বাকি ব্যাটসম্যান ও অতিরিক্ত মিলে রান মাত্র ৫৫! অন্যদের মধ্যে হারিস সোহেল (২৫) ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউই।

সর্বোচ্চ ১১২ রান করেন আবিদ। তার ১১৯ বলের ইনিংসটিতে রয়েছে নয়টি চারের মার। দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পাওয়া রিজওয়ান উইকেট ছাড়া হন ১০৪ রান করে। তার ১০২ বলের ইনিংসটিতে রয়েছে নয়টি চার, একটি ছক্কা।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৫৩ রানে ৩ উইকেট নেন নাথান কোল্টার-নাইল নিয়েছেন। দুই উইকেট মার্কাস স্টয়নিসের।

এর আগে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৭ রান করে টসে হারা অস্ট্রেলিয়া। দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ছয় নম্বরে নামা গ্লেন ম্যাক্সওয়েল। ৮২ বলে খেলা তার ৯৮ রানের ইনিংসটি নয় চার ও তিন ছক্কায় সাজানো।

অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার উসমান খাওয়াজা (৬২) ও সাত নম্বরে নামা অ্যালেক্স কারেই (৫৫)। ৩৯ রান ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চের।

পাকিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন, ইমাদ ওয়াসিম ও ইয়াসির শাহ।

দারুণ ব্যাটিংয়ে ব্যাট সেরার পুরস্কার জিতেন ম্যাক্সওয়েল।

এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ রোববার একই ভেন্যুতে।