দারুণ ছন্দে আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চলতি আইপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান। ইডেনে নিজ দলের খেলা দেখতে এসে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেন বলিউড বাদশা।
সমর্থকদের প্রতি শাহরুখ খানের ভালবাসার আরও একবার সাক্ষী থাকল কলকাতা। এর মধ্যে হুইল চেয়ারে বসে খেলা দেখতে আসা এক সমর্থককে ভালবাসায় ভরিয়ে দিলেন বলিউডের কিং খান।
বুধবার ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পঞ্জাব। ওই ম্যাচে পঞ্জাবকে ২৮ রানে হারায় কলকাতা। সেই খেলা দেখতে ইডেনে এসেছিলেন হর্ষূল গোয়েঙ্কা। তিনি কলকাতা নাইট রাইডার্সের একনিষ্ঠ ভক্ত। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি খেলা দেখতে আসেন হুইল চেয়ারে বসে।
খেলার শেষের পর হর্ষূলকে দেখতে পান শাহরুখ। দেখেই হর্ষূলের কাছে ছুটে আসেন তিনি। জড়িয়ে ধরে ছবি তোলেন তাঁর সঙ্গে। তাঁর কপালে স্নেহের চুম্বনও দিয়েছেন বলিউডের রোমান্স কিং। এই ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করেছে কেকেআর। তারপরই ভাইরাল সেটি।
শুধু শাহরুখই নন। হুইল চেয়ারে হর্ষূলকে দেখতে পেয়ে তাঁর সঙ্গে ফটো তুলেছেন নাইট তারকা ক্রিস লিন।