সিগারেট এবং মদ দুইটিই ক্যানসারের জন্য ঝুঁকি হিসেবে বলে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু ঝুঁকি কোনটাতে বেশি এমন এক জরিপে দেখা গেছে, সিগারেটের চেয়ে মদপানই অধিক ক্ষতিকর।
বিবিসি বাংলা জানায়, বিএমসি পাবলিক হেলথ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাজ্যে এ জরিপ চালায়।
এতে দেখা যায়, প্রতি সপ্তাহে এক বোতল ওয়াইন খেলে ক্যানসার হওয়ার ঝুঁকি ততটাই বাড়বে - যতটা সপ্তাহে পাঁচ থেকে ১০টি সিগারেট খেলে বাড়তো।
গবেষকরা বলেন, একজন নারীর জন্য সপ্তাহে ৭৫০ মিলিলিটারে এক বোতল ওয়াইন বা ১০টি সিগারেট ক্যান্সারের সমান ঝুঁকি নিয়ে আসে। আর পুরুষের ক্ষেত্রে সপ্তাহে এক বোতল ওয়াইন বা পাঁচটি সিগারেটের ক্যান্সারের ঝুঁকি সমান সমান।
বিশেষজ্ঞরা বলেন, অ্যালকোহলের চাইতে ধূমপানের ফলে ক্যান্সার হবার ঝুঁকি অনেক বেশি। তাদের পরামর্শ এ ঝুঁকি কমানোর উপায় একটাই, তা হচ্ছে সিগারেট খাওয়া সম্পূর্ণ ছেড়ে দেয়া।
গবেষণা প্রতিষ্ঠানটি তাদের জরিপে বলেছে, অ্যালকোহল পানে মহিলাদের স্তন ক্যান্সার এবং পুরুষদের লিভার ও অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
ব্রিটেনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ-এর বিজ্ঞানী ড. মিনুক শুমেকার বলেন, “ক্যান্সার ঝুঁকির ব্যাপারটি অত্যন্ত জটিল। কাজেই এটা মনে রাখা দরকার যে এ জরিপে অনেক কিছুই অনুমান করে নিতে হয়েছে।”
তিনি বলেন, “এখানে ক্যান্সারের অনেক কারণকে বিবেচনায় নেয়া হয়নি। তা ছাড়া অ্যালকোহলের সমানুপাতিক সিগারেটের যে সংখ্যা বলা হয়েছে তা অনেক কম। বাস্তবে মানুষ সপ্তাহে ৫-১০টির অনেক বেশি সিগারেট খায়।”
নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ‘টোব্যাকো এন্ড অ্যালকোহল স্টাডিজ সেন্টারের’ পরিচালক জন ব্রিটন বলেন, “এ জরিপে এটাও স্পষ্ট যে ধূমপান করা অ্যালকোহল পানের চেয়ে অনেক বেশি ক্ষতিকর।”
তবে ‘অল্প মদ্যপানেরও’ যে স্বাস্থ্য ঝুঁকি আছে, তা এই জরিপটি মানুষকে এটাও বোঝাতে সহায়ক হবে এমনটা বলছেন গবেষকরা।