১৯৭১ সালে ২৫শে মার্চ কালরাতে সংঘটিত গণহত্যা, পরবর্তী সময়ে নড়াইলের বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের গল্প শোনালেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সরকারি উচ্চবালিকা বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের গল্প শোনানো হয়।
নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে মুক্তিযুদ্ধের গল্প শোনান তিন মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, জেলা পরিষদের সদস্য মো. সাইফুর রহমান হিলু ও অ্যাডভোকেট এস এ মতিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এ দেশের বীর সেনারা জীবন বাজি রেখে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছিলেন। যার কারণে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন আন্তরিকভাবে সহযোগিতা করবে।’ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন ।