বনানীতে আহত একজনের মৃত্যু

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত আবু হেনা মোস্তফা কামাল (৪১) গতকাল শনিবার মারা গেছেন। এ নিয়ে গত বৃহস্পতিবারের ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মোস্তফার মৃত্যু হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।

মোস্তফা কামাল এফ আর টাওয়ারের ১১ তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। তিনি থাকতেন ভাষানটেক এলাকায়। তার বাবার নাম আব্দুল মতিন।