বৈদ্যুতিক শকে হত্যার অভিযোগ

মাদক নির্মূল কমিটির নেতার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

মাদক নির্মূল কমিটির সহসভাপতি আরজু বেগমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার দুপুরে শহরের টানবাজার দক্ষিণ র‌্যালিবাগান এলাকা থেকে তার লাশ নিয়ে মিছিল করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করে তারা।

দক্ষিণ র‌্যালিবাগান ভূমিরক্ষা পঞ্চায়েত কমিটি ও মাদক নির্মূল কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার বিকেলে এলাকায় সাপ্তাহিক মাদকবিরোধী সভা চলাকালে মাদক কারবারি ও তাদের আশ্রয়দাতারা হামলা চালায়। এ সময় আরজু বেগমকে নির্মমভাবে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তারা আরও বলেন, প্রভাবশালীদের চাপে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন কোনোভাবে পরিবর্তন করা হলে শহর অচল করে দেওয়া হবে। সমাবেশ শেষে মাসদাইর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

দক্ষিণ র‌্যালিবাগান মাদক নির্মূল কমিটির সহসভাপতি আরজু বেগম একই এলাকার মো. আক্তারের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী ছিলেন। সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. জয়নাল আবেদীন জানান, গত শুক্রবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন আরজু বেগমের জামাতা মো. সেলিম মিয়া। এ ঘটনায় রাতেই অ্যাডভোকেট হামিদা ওরফে লিজা, তার বোন অ্যাডভোকেট আসমা, হোসনা ও সরবানুসহ ৯ জনকে আটক করা হয়।