জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তিরক্ষার বিধি প্রণয়নে কাজ করছে বাংলাদেশ

বাংলাদেশ শান্তিরক্ষার বিধি প্রণয়নে জাতিসংঘে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা কার্যক্রম-সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সভায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার জানানো হয়, সভায় প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ২৬টি প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। শান্তিরক্ষা কার্যক্রমে দ্রুত সাড়াদান প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সামর্থ্য তুলে ধরে তিনি বলেন, ‘শান্তিরক্ষা কার্যক্রমে দ্রুত সাড়াদান প্রস্তুতি ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশ ২৬টি ক্ষেত্রে অর্থাৎ সেনাবাহিনীর ৯টি, নৌবাহিনীর ৬টি, বিমানবাহিনীর ৩টি এবং পুলিশবাহিনীর ৮টি ক্ষেত্রে জাতিসংঘকে প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ মানুষবিহীন আকাশ নজরদারি ব্যবস্থার বিষয়েও একটি প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সভায় উদ্বোধনী ভাষণ দেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডাসমূহ এগিয়ে নিতে বাংলাদেশ সর্বদা সহায়ক ভূমিকা পালন করে চলেছে। প্রকৃতিগতভাবে শান্তি বিনির্মাণকারী হিসেবে নারীর ভূমিকা বৃদ্ধিতে সম্প্রতি জাতীয়ভাবে একটি কর্মপরিকল্পনার বাস্তবায়ন করেছে। প্রতিমন্ত্রীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল সভায় যোগ দেয়।