সড়ক দুর্ঘটনায় শিল্পী খুরশীদ আলম আহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম। গত শুক্রবার রাত ৩টার দিকে শহরতলির ঝোপগাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় তাকে বহনকারী প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক ও শিল্পীর সহযাত্রী খোকন নামে এক ব্যবসায়ী আহত হন। খুরশীদ আলমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় ও বাম ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন। তার চারটি দাঁত ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

বগুড়াস্থ জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুক্রবার খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে তিনি রাত যাপনের জন্য শহরতলির নওদাপাড়া এলাকায় মম-ইন নামের তারকাখচিত হোটেলে ফিরছিলেন।

জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের সদস্যরা জানান, রাত দেড়টার দিকে তিনি তার পূর্বপরিচিত ব্যবসায়ী খোকনের প্রাইভেট কারে শহরে যান। শহরে ঘোরাফেরা এবং একটি ঘরোয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন শেষে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে তারা হোটেলে ফিরছিলেন। পথিমধ্যে ঝোপগাড়ি এলাকায় দ্রুতগামী একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

শিল্পীর ছোট ভাই মুরশীদ আলম জানান, হোটেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হলে রাত সাড়ে ৩টার পর স্থানীয় লোকজন খুরশীদ আলমকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার পর তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ওই দুর্ঘটনায় তার কয়েকটি দাঁত ভেঙে গেছে।

শজিমেক হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের প্রধান ডা. রেজাউল আলম জুয়েল জানান, আহত অবস্থায় শিল্পীকে হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসা শুরু হয়েছে। ওই দুর্ঘটনায় খুরশীদ আলম মাথায় ও বাম ঘাড়ে আঘাত পেয়েছেন। এ ছাড়াও দুর্ঘটনায় তার চারটি দাঁত ভেঙে গেছে। তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন বলেও উল্লেখ করেন এই চিকিৎসক।