পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। এ কাজের বেশ অগ্রগতিও হয়েছে। আশা করা যাচ্ছে, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনের আগে তাদের দেশে এনে শাস্তি নিশ্চিত করা যাবে। গতকাল শনিবার সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুল আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এই স্কুল দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় শোভাযাত্রাটি আয়োজন পরে মন্ত্রী সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় মাঠে ই-লার্নিং মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগামীতে আমাদের ছেলেমেয়েরা বইয়ের বোঝার পরিবর্তে আইপ্যাড নিয়ে স্কুলে যাবে। তথ্যপ্রযুক্তির সব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষার্থীরা যাতে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘ই-লার্নিং পদ্ধতি অনেক বেশি অংশগ্রহণমূলক। এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিপ্লব আসবে।’
বিকেলে মন্ত্রী সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ওই সময় তিনি শিক্ষার্থীদের মেধা ও শরীরের বিকাশে ক্রীড়াচর্চার গুরুত্বের কথা বলেন।