ঝড়ের কবলে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে ঝড়ের কবলে ওই ট্রলার ডুবির ঘটনায় একজন পুলিশ সদস্য ও প্রিসাইডিং অফিসার নিখোঁজ রয়েছেন।
তারা হলেন প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিন ও নারায়নগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই মো. সেলিম।
এ ঘটনায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যসহ ১৫ জন। ঘটনার খবর পেয়ে গজারিয়া, মুন্সীগঞ্জ, সোনারগাঁ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ওই ট্রলার ডুবির ঘটনা ঘটে। সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের একটি টিম ট্রলারযোগে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার ডুবে যায়।
ওসি আলমগীর হোসাইন আরো জানান, প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্য মিলে ১৭ জন ছিলেন ওই ট্রলারে। এ সময় সাঁতরে ১৫ জন নদীর তীরে উঠতে সক্ষম হলেও প্রিসাইডিং অফিসার ও পুলিশের এটিএসআই নিখোঁজ রয়েছেন।