ফেনী সদর উপজেলার সদ্য সমাপ্ত নির্বাচনে পরাজিত প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরতলীর ধর্মপুর আমতলী এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আজহারুল হক আরজু বাড়িতে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ধর্মপুর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান ছিলেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে মনোনয়নপত্র কিনেও জমা দিতে পারেননি তিনি।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
উল্লেখ্য, পঞ্চম উপজেলা নির্বাচনে চতুর্থ দফায় ফেনী সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আনারস) প্রতীকে নির্বচন করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান বিকম (নৌকা) প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচনে আবদুর রহমান বিকমা ৪১ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে আজহারুল হক আরজু পান ৫ হাজার ২৫০ ভোট।