ভুয়া তথ্যে ইবিআইএন নিলে শাস্তি : এনবিআর চেয়ারম্যান

ভুল তথ্য বা ভুয়া নথি দিয়ে কেউ ভ্যাট নিবন্ধন কিংবা ইলেকট্রনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ইবিআইএন) নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।

তিনি বলেন, ‘কর ফাঁকির উদ্দেশ্যে অনেক ব্যবসায়ী মিথ্যা তথ্য দিয়ে ইবিআইএন গ্রহণ করছে। বিশেষ করে আমদানি পর্যায়ে এটি ঘটছে। এটি আর করতে দেওয়া হবে না। কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ভুয়া তথ্য দিয়ে ইবিআইএন নেওয়া ঠেকাতে রাজস্ব কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনবিআর সদস্য মো. রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহসভাপতি গোলাম মাইনুদ্দীন, ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে জানান মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। তবে কেবল ১৫ শতাংশ হারে নয়, একাধিক ভ্যাট রেট হবে। আর ১৫ শতাংশ হারে আদায় করা ভ্যাট হবে রেয়াতযোগ্য। পরবর্তী সময়ে তা ফেরত দেওয়া হবে।’ নতুন ভ্যাট আইন কার্যকর হলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশের আরও উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনাদের সবাইকে অনলাইনে চলে আসতে হবে। অনেকে আছেন, ভ্যাট আদায় করে সরকারের কোষাগারে জমা দেন না। এ ক্ষেত্রে স্বচ্ছতা তৈরির জন্য আমরা চাই আপনারা সবাই অনলাইনে চলে আসুন। আদায়ের পাশাপাশি সরকারের কোষাগারে ভ্যাট জমা করুন।’ এনবিআরের পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রকিন ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সরবরাহ করা হবে বলে তিনি জানান।