এফডিআই উন্নয়নে টাস্কফোর্স চায় ডিসিসিআই

বিদেশি বিনিয়োগ উন্নয়নে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়া, ঋণের সুদ হার এক অঙ্কে নামানো এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য ঋণ পাওয়া সহজ করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। 

গতকাল ডিসিসিআইয়ের সভাপতি ওসামা তাসীরের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব করেন। ওসামা তাসীর বলেন, শিল্প খাত বহুমুখীকরণ করতে হলে পোশাক শিল্পের মতো অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতেও ব্যাক টু ব্যাক এলসি অনুমোদনের সুযোগ দিতে হবে। অবকাঠামো উন্নয়নে জিডিপির ৬ থেকে ৮ শতাংশ বরাদ্দ রাখা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

উদ্যোক্তাদের আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগে আসার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে। ট্যানারি শিল্পের জন্যও সরকার কেন্দ্রীয়ভাবে ইটিপি প্ল্যান্ট স্থাপন করবে। বেসরকারি উদ্যোক্তারা প্ল্যান্ট স্থাপনে আগ্রহী হলে সরকার সহায়তা দেবে।

এ সময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক আন্দালিব হাসান উপস্থিত ছিলেন।