গাজীপুরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৩৮)। গত রবিবার গভীর রাতে মহানগরীর কাশিমপুর ভবানীপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন
থানায় আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন, মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ইজাজুল হক, এএসআই আলী আকবর ও কনস্টেবল আবদুস সোবহান।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আড়াইটার দিকে ভবানীপুর চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় পরিত্যক্ত একটি ঘর থেকে জাহাঙ্গীরসহ কয়েকজন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও প্রায় ১০ কেজি গাঁজা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ইজাজুল হক, এএসআই আলী আকবর ও কনস্টেবল আবদুস সোবহান আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ সাহা জানান, জাহাঙ্গীরের বুকে দুটি গুলির ক্ষত রয়েছে। তাকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছে।
কাশিমপুর থানার ওসি মো. আকবর আলী খান জানান, স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নিহত হওয়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।