আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতিবারের মতো এবারও বর্র্ণিল আয়োজনে উদযাপন করা হবে জাতীয় চলচ্চিত্র দিবস। সাধারণত দিবসটি উপলক্ষে একদিনের আয়োজন করা হলেও এবার ব্যতিক্রম হচ্ছে। এবার এটি হচ্ছে দুই দিনের। এ দিবসটিকে ঘিরে আজ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি ) এবং জাতীয় চলচ্চিত্র উদযাপন কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দুই দিনের ব্যাপক কর্মসূটি পালিত হবে। এবারের চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন এফডিসির ভারপ্রাপ্ত মহাপরিচালক লক্ষ্মণ চন্দ্র দেবনাথ।
উদযাপন কমিটির কর্মসূচির প্রথম দিন আজ রয়েছে দিনব্যাপী আয়োজন। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় এফডিসিতে জাতীয় পতাকা উত্তোলন। সৈয়দ হাসান ইমাম জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করবেন। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে পরিবেশিত হবে জাতীয় সংগীত। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) এমপি ও তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। স্বাগত ভাষণ দেবেন এফডিসির ভারপ্রাপ্ত মহাপরিচালক লক্ষ্মণ চন্দ্র দেবনাথ। বেলা ১১টায় বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছেÑ রেড কার্পেট সংবর্ধনা, মেলা উদ্বোধন, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ে আলোচনা এবং সেমিনার। সেমিনার অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় এফডিসির ৮ নম্বর শুটিং ফ্লোরে।
কর্মসূচি পালনের দ্বিতীয় দিন ৪ এপ্রিল অর্থাৎ আগামীকাল বিকেল ৫টায় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে চলচ্চিত্রের গান পরিবেশনা। উৎসবের মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, নিরব, ইমন, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা। এফডিসিতে চলছে তারই প্রস্তুতি। এছাড়া এফডিসি সাজানো হবে পুরনো দিনের বিভিন্ন পোস্টারে। থাকবে মেলা ও চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যায় রয়েছে লেজার শো ও আতশবাজি।
অন্যদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিবসটি উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছেÑ চলচ্চিত্র বিষয়ে আলোচনা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্রের গান পরিবেশন।
বিএফডিসি কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে গত ১ এপ্রিল জানায় এই দপ্তর। পুরো আয়োজন করবে তারা। এতে যুক্ত থাকবে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘৩ এপ্রিল পবিত্র শবেমেরাজ। এ কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরের দিন রাখা হয়েছে। এছাড়া প্রথম দিন অন্য সব আয়োজন চলবে।’