পুঁজিবাজারে আসতে এসবিএসি ব্যাংকের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছে চতুর্থ প্রজন্মের ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। এর অংশ হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। ২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় চতুর্থ প্রজন্মের নয় ব্যাংককে লাইসেন্স দেওয়া হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে এসবিএসি ব্যাংক। বাংলাদেশের ব্যাংক খাত খেলাপি সংকটে ভুগলেও এসবিএসি ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ আন্তর্জাতিক মানদ-ের নিচে রয়েছে। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী, এনপিএল অনুপাত ২ শতাংশের অধীনে রাখতে হয়। ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসবিএসি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে ১ দশমিক শূন্য ৬ শতাংশ।  জানা গেছে, এসবিএসি ব্যাংক স্থিরমূল্য পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা উত্তোলন করবে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ৫৬৫ কোটি টাকা। এ বিষয়ে এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, লাইসেন্সের শর্তে পুঁজিবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ব্যাংকটির আর্থিক স্বাস্থ্যও পুঁজিবাজারে আসার অনুকূলে রয়েছে। চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে এসবিএসি ব্যাংকই প্রথম পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করল বলে জানান তিনি। সম্প্রতি আইপিও সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেছে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রহমান। এ সময়ে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, ব্যাংকের পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।