বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য দলটির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৭ এপ্রিল রবিবার ঢাকায় গণ-অনশন কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। এর অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, চরম অসুস্থতার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। খালেদা জিয়া ঠিকমতো খেতে পারেন না। হাঁটতে পারেন না। কারাগারে তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে হবে।
রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করা হয়েছে। তাকে সেখানে সুবিধামতো চিকিৎসাসেবা প্রদান করা হয়নি। তাই কেন্দ্রীয়ভাবে তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হচ্ছে। একই উদ্দেশে আগামীকাল (আজ বুধবার) সারা দেশে বিএনপির উদ্যোগে দোওয়া মাহফিল হবে।
মিলাদ মাহফিলে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত প্রমুখ।