নওগাঁর পত্নীতলা থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় পুরুষ নীলগাইটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়েছে। নীলগাইয়ের পরিচর্যাসহ অন্যান্য বিষয়ে রামসাগর কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দর্শনার্থীরা।
গত মঙ্গলবার ভোরে পুরুষ নীলগাইটিকে একটি বড় পিকআপভ্যানে করে রাজশাহী বন বিভাগ থেকে রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়।
বুধবার সকালে রামসাগর জাতীয় উদ্যানে সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন পুরুষ নীলগাই আসার কথা শুনে অনেক দর্শনার্থী ভিড় করছেন কৃত্রিম বনের দিকে। পুরাতন নীলগাইটি স্বাভাবিক থাকলেও নতুন নীলগাইটির মধ্যে একটু চঞ্চলতা দেখা যায়। সব সময় মানুষের আড়ালে গিয়ে লুকিয়ে থাকছে। পাশাপাশি দুটি নীলকে বসে থাকতেও দেখা যায়।
রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন জানান, সোমবার নওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্ত থেকে এই পুরুষ নীলগাইটি উদ্ধার করা হয়। রাতেই নীলগাইটি দিনাজপুরের রামসাগরে নিয়ে আসা হয়।
ইতোপূর্বে এখানে আরও একটি পুরুষ নীলগাই রয়েছে। সেখানে নতুন পুরুষ নীলগাইটিকে রাখা হয়েছে। বর্তমানে এই পুরুষ নীলগাইটি নিয়ে দেশে বিলুপ্ত প্রায় ২টি নীলগাই রয়েছে।
জানা গেছে, এর আগে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সীমান্ত এলাকা থেকে ১টি নারী নীলগাই উদ্ধার করা হয়। পরে তার সুরক্ষার কথা বিবেচনা করে বন বিভাগ দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে চিত্রাহরিণের খাচার পাশেই নেট দিয়ে ঘিরে রাখা হয়।
এরপর চলতি বছর ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১টি পুরুষ নীলগাই উদ্ধার করে বন বিভাগ। পুরুষ নীলগাইটি উদ্ধারের সময় এলাকাবাসীর মারধরে আহত হওয়ায় প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের চিড়িয়াখানায় তাদের তত্ত্বাবধানে চিকিৎসা করা হয়।
পরবর্তীতে বিলুপ্তপ্রায় এই নীলগাইয়ের বংশবিস্তারের জন্য রামসাগরের নারী নীলগাইটির সঙ্গী করার জন্য রাজশাহী থেকে পুরুষ নীলগাইটি দিনাজপুরে আনা হয়। ২ পুরুষ ও নারী নীলগাইয়ের জন্য তৈরি করা হয় কৃত্রিম বন। কিন্তু এর মধ্যেই নারী নীলগাইটির হঠাৎ করে মৃত্যু হয়। বর্তমানে রামসাগর জাতীয় উদ্যানে দুটি পুরুষ নীলগাই আছে।