বন্ধ থাকার একদিনের মাথায় বাংলাদেশে খুলে গেল ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেল। এর আওতায় রয়েছে জি সিনেমা, জি বাংলা ও জি বাংলা সিনেমার মতো জনপ্রিয় চ্যানেল।
আইন লঙ্ঘন করে বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন কেন প্রচার হচ্ছে- তা জানতে চেয়ে তথ্য মন্ত্রণালয়ের নোটিশের পর পরিবেশক প্রতিষ্ঠান বাংলাদেশে চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেয়।
এর ২৪ ঘণ্টা পর বুধবার বেলা ১২টা থেকে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো খুলে দেওয়া হয়।
জি নেটওয়ার্ক বন্ধ প্রসঙ্গে মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, সরকার প্রচলিত আইন প্রয়োগ করেছে। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর উপধারা-১৯(১৩) অনুযায়ী, বাংলাদেশে বিদেশি কোনো চ্যানেলে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচারের অনুমতি নেই।
তিনি বলেন, “এটা হচ্ছে বাংলাদেশের আইন। বাংলাদেশ ছাড়াও একই ধরনের আইন ভারতে, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপসহ অন্যান্য দেশে রয়েছে। সেসব দেশে এই আইন মানা হয়। তবে আমাদের দেশে এই আইনটি মানা হচ্ছিল না।”
আরও বলেন, “আমরা দেখতে পেলাম ডাউনলিংক করে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেখানো হয়, তখন আমরা নোটিশ দিয়েছি। আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। সরকার কোনো চ্যানেল ডাউনলিংক করে না, যারা করে তারাই বলতে পারবে এগুলো কেন বন্ধ হয়েছে।”