বেনাপোল বন্দরের গাছ বিক্রির টাকা আত্মসাৎ

বেনাপোল বন্দরের গাছ বিক্রি করে সমুদয় টাকা বন্দরের কয়েক কর্মকর্তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। বন্দরের পণ্যজট নিরসন ও পরিধি সম্প্রসারণের লক্ষ্যে স্থলবন্দর কর্র্তৃপক্ষ সীমান্তঘেঁষা বড়আঁচড়া মৌজায় ২৪ দশমিক ৯৬ একর জমি অধিগ্রহণ করে।

অধিগ্রহণকৃত জমির মালিকরা জানান, অধিগ্রহণ করার সময় ওইসব জমিতে অর্ধশতাধিক ছোট-বড় মেহগনিসহ বিভিন্ন ধরনের গাছ ছিল। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই তারা গাছগুলো বিক্রি করে নিজেদের পকেট ভারী করেছেন।

গাছ কাটার বিষয়ে কারও অনুমতি না নেওয়ার বিষয়টি স্বীকার করে বেনাপোল স্থলবন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস বলেন, ছোট ছোট তিন-চারটি গাছ কাটা হয়েছে। তিনি জানান, কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

এ ব্যাপারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে বেনাপোল বন্দর প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘চেয়ারম্যান স্যারের মৌখিক অনুমতি নেওয়া ছিল।’