শেরপুরের শ্রীবরদীর সীমান্তের গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত ক্ষত বিক্ষত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত ভোর রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি সদর বিটের সোনাঝুড়ি টিলার জঙ্গল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার মরদেহটি ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় লোকজন সোনাঝুড়ি টিলার একটি জঙ্গলে অজ্ঞাত ক্ষতবিক্ষত এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গভীর রাতে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এসআই শফিকুল ইসলাম জানান, বনের পশুরা মরদেহটির মুখ ও মাংশসহ এক হাত খেয়ে ফেলেছে। তার পরনে ছিল হাফপ্যান্ট। গায়ে কোনো কাপড় ছিলনা। পাশে একটি লুঙ্গি ছিল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ১০/১২ দিন আগে লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। এখনো লাশে পরিচয় পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।