প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্মিত ভবনটি গতকাল বুধবার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী ও আনোয়ারুল ইসলাম চৌধুরী পারভেজ গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন। অন্যদিকে সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিজিএমইএ সদস্যরা বিজিএমইএ ভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন। ভিডিও কনফারেন্সটি সঞ্চালনায় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে নির্মাণাধীন বিজিএমইএ কমপ্লেক্সের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
বিজিএমইএ সূত্র জানায়, হাতিরঝিল থেকে বিজিএমইএ ভবন স্থানান্তর করতে উত্তরার দুই টাওয়ারবিশিষ্ট ১৩ তলা ভবনটির কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে বেজমেন্টসহ ভবনের পাঁচতলার কাজ শেষ হয়েছে। ৪০ হাজার বর্গফুটের প্রদর্শনী হলসহ ভবনটি তৈরি হচ্ছে রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে লেকসাইট ভিউয়ের সাড়ে পাঁচ বিঘা জমির ওপর। এখানে বিদ্যুতের জন্য অত্যাধুনিক সোলার প্যানেল, জেনারেটর, বৃষ্টির পানি ধরে রাখার জন্য রেইন ওয়াটার হার্ভেস্ট সিস্টেম, গভীর নলকূপ, আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম সমৃদ্ধ প্রতিটি ফ্লোর, তিনটি অডিটরিয়াম, সুইমিং পুল, হেলথ ক্লাব, কফি শপ, ক্যাফেটারিয়া-রেস্টুরেন্ট, ৪০ হাজার বর্গফুটের প্রদর্শনীকেন্দ্র এবং ২০০ গাড়ির পার্কিংসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। জমির স্বত্ব না থাকা এবং জলাধার আইন লঙ্ঘন করায় হাতিরঝিল প্রকল্প এলাকায় বিজিএমইএ ভবনটি ২০১১ সালের ৩ এপ্রিল ভেঙে ফেলতে নির্দেশ দেয় হাইকোর্ট।