শিলিগুড়িতে জনসভায় মোদি

পশ্চিমবঙ্গে উন্নয়নের গতিরোধক দিদি

ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রকাশিত নির্বাচনী ইশতেহারকে মিথ্যা আর ভণ্ডামিতে পূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার অরুণাচল প্রদেশে নির্বাচনী সমাবেশে কংগ্রেসকে আক্রমণ করে মোদি এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

বুধবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও নির্বাচনী সমাবেশে যোগ দেন মোদি। এ সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন, ‘পশ্চিমবঙ্গে দিদি নামে একটা গতিরোধক আছে। আপনাদের উন্নয়নের গতিরোধক দিদি। দরিদ্রতার হার কমলে দিদির নীতি ভেঙে পড়বে। পশ্চিমবঙ্গের ৭০ লাখ কৃষকের স্বপ্নভঙ্গ করেছেন দিদি।’

এছাড়া মোদি আরও বলেন, ‘তৃণমূলের যারা হানাহানিতে যুক্ত, আমি তাদের সতর্ক করে বলতে চাই তাদের উচিত এসব ছেড়ে দেওয়া। না হলে বিজেপি এখানে সরকার গঠন করলে তাদের সোজা করে ফেলা হবে।’

পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রশ্নে মোদি বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক, ডিজিটাল ভারত, কলকাতা থেকে বেনারস পর্যন্ত নৌব্যবস্থা; এসবের জন্য দায়ী কে? এসব কার আমলে সম্ভব হয়েছে? মাত্র পাঁচ বছরের মধ্যে কে করেছে এসব? এটা শুধু মোদির জন্য হয়নি, হয়েছে আপনাদের আশীর্বাদের জন্য।’

গত মঙ্গলবার কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। ইশতেহারে বিজেপির অসম্পূর্ণ নির্বাচনী ইশতেহার পূরণের বিষয়টি জায়গা পেয়েছে। ভারতের দরিদ্র পরিবারগুলোকে বছরে ৭২ হাজার রুপি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয় কংগ্রেসের ইশতেহার।

কংগ্রেসের ইশতেহার নিয়ে মোদি বলেন, ‘তারা কয়েকবার ক্ষমতায় বসেও যা করতে পারেনি, মাত্র পাঁচ বছরে তারা কীভাবে এসব প্রতিশ্রুতি পূরণ করবে। এবারের নির্বাচনে লড়াই হবে মিথ্যা আর সত্যের মধ্যে।’

আগামী ১১ এপ্রিল থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভা নির্বাচন। মোট সাত দফায় ভোটগ্রহণ হবে দেশটির সকল প্রান্তে।