নির্বাচনী সরঞ্জাম নিয়ে ট্রলারডুবি

নিখোঁজ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে নারায়ণগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার চার দিন পর পুলিশ কর্মকর্তা সেলিম মিয়ার (৬২) লাশ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে মেঘনা নদীর চর ধলেশ্বরী বন্দর এলাকায় তার লাশ ভেসে উঠলে তা উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেলিম মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইয়ার আলী শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশে টিএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চর হোগলা কেন্দ্রে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন এই পুলিশ কর্মকর্তা।  

এর আগে গত মঙ্গলবার একই ঘটনায় নিখোঁজ থাকা প্রিসাইডিং কর্মকর্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মেঘনাঘাট শাখা ব্যবস্থাপক বোরহান উদ্দিন এবং গত সোমবার নারী আনসার সদস্য রিতা আক্তারের লাশ উদ্ধার করা হয়। 

গত রবিবার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ট্রলারে চড়ে উপজেলা সদরে ফিরছিলেন নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পুলিশ ও নারী আনসারসহ ২২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন তিনজন।