বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের বিশেষ ভিজিএফসহ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ এনে নিজ পরিষদের নারী ইউপি সদস্যর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান। বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার বলেন, শাহানারা বেগম শানু প্রতারক, হৃদয়হীন। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিভিন্ন সুবিধাভোগী মানুষের কাছ থেকে কুটকৌশলে টাকা-পয়সা হাতিয়ে নেয়।
চেয়ারম্যান আরও জানান, মাতৃত্বকালীন ভাত ভোগীদের তালিকা প্রণয়নের দায়িত্ব তিনি মহিলা মেম্বারদের দিয়ে থাকেন। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার শাহানারা প্রত্যেক গর্ভবতী নারীদের কাছ থেকে ২৫০০ করে টাকা আদায় করেছেন।
এদের মধ্যে দুইজন নারী আয়শা ওরফে খুকুমনি ও রেখা পারভিন টাকা দিতে অস্বীকৃতি জানান এবং তার (চেয়ারম্যান) কাছে অভিযোগ করেন। এ নিয়ে শাহানার বেগমকে তিনি তিরস্কার করেন এবং টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে অতি সম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে আয়শাকে চুলের মুঠি ধরে জুতাপেটা করেন শাহানারা বেগম। ইউপি চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ছাড়া বাল্যবিয়ে ঠেকানোর নাম করে ১০-১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
এসব ঘটনার প্রতিবাদ এবং আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ছাড়াও চেয়ারম্যানসহ ১০ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
তবে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, তিনি এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেবেন।
অভিযুক্ত নারী মেম্বার শাহানারা বেগম জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথা বানোয়াট। চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছেন।