নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নুরুল হক (১৭) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত নুরুল উপজেলার পোগলা ইউনিয়নের সুনুরা গ্রামের পিয়াচাল চানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরুল হকের সঙ্গে তার পিতার কলহ চলে আসছিল। ঘটনার দিন নুরুল হককে তার পিতা গালমন্দ করে। এক পর্যায়ে নুরুল হক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
বিষয়টি জানতে পেরে নিহতের চাচা আজিজুর রহমান ও দাদা গোলাপ মিয়া আহত নুরুলকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে নিহতের চাচা আজিজুর রহমান তিনি জানান, পারিবারিক কলহ নয়। নুরুল হক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। যে কারণে সে বিষপান করেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, ময়নাতদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।