পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ উঠেছে জনপ্রিয় চীনা ভিডিও অ্যাপ্লিকেশন টিকটকের বিরুদ্ধে। বুধবার ভারতের মাদ্রাজ হাইকোর্টে টিকটক নিষিদ্ধের দাবিতে একটি পিটিশনের শুনানি হয়।
এনডিটিভি জানায়, মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে চলা শুনানিতে বলা হয়, অ্যাপটি ব্যবহার করে থাকে এমন শিশুদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে সক্ষম হচ্ছে যৌন শিকারিরা। যা কমবয়সী ব্যবহারকারীদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
মাদুরাইয়ের জ্যেষ্ঠ আইনজীবী ও সমাজকর্মী মুথু কুমার এ পিটিশন দায়ের করেন। পর্নোগ্রাফি প্রদর্শন, সাংস্কৃতিক অধঃপতন, শিশু নির্যাতন, আত্মহত্যার জন্য টিকটককে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে আদালতকে এটি নিষিদ্ধ করার অনুরোধ করেন তিনি।
তবে বিচারপতি এন কিরুবাকরন এবং এসএস সুন্দর, শিশুদের অনলাইন শিকার হওয়া থেকে আটকাতে যুক্তরাষ্ট্রের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইনের মতো আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন।
কয়েক মাস আগে তামিলনাড়– বিধানসভায় এআইএডিএমকে বিধায়ক থামিমুন আনসারি সাংস্কৃতিক অধঃপতনের অভিযোগ তুলে টিকটককে নিষিদ্ধ করার দাবি জানান। সে সময় রাজ্যের আইটি মন্ত্রী মণিকানন্দন বলেন, তিনি এই বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে যাবেন।
টিকটক এমন একটি অ্যাপ্লিকেশন যাতে ব্যবহারকারীরা বিশেষ ইফেক্ট ব্যবহার করে ছোট ছোট ভিডিও তৈরি এবং শেয়ার করতে পারে। ভারতে ৫৪ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী টিকটক ব্যবহার করেন।
২০১৭ সালে বেইজিং বাইটডান্স সংস্থা এটি তৈরি করে। এক বছরের মধ্যে গেমস ছাড়া এটি সর্বাধিক ডাউনলোডকৃত অ্যাপ। আমাদের দেশেও এই অ্যাপের বহুল ব্যবহার লক্ষ করা যায়। সাধারণত উঠতি বয়সের তরুণ-তরুণীরা এই অ্যাপে দারুণভাবে আসক্ত।