ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৬তম জন্মদিন আগামী ১১ এপ্রিল। এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ গতকাল থেকে ১১ এপ্রিল পর্যন্ত শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’। শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল ও স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত এই নাট্যোৎসবে দেশের ১৬টি ও ভারতের চারটি নাট্যদল অংশগ্রহণ করছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মূল হলের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারপর নাটক মঞ্চস্থ হবে। নাটকে বিশেষ অবদানের জন্য এ বছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ পাচ্ছেন নাট্যজন লিয়াকত আলী লাকী ও গোলাম সারোয়ার।
ধারাবাহিকভাবে মূল হলে প্রদর্শনীতে থাকবে ভারতের দল লিমিস্কা দুনিয়ার নাটক, প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’, স্টেইজ ওয়ানের ‘সূচনা’, থিয়েটার বেইলি রোডের ‘মেরাজ ফকিরের মা’ ও বটতলার ‘খনা’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে ভারতের নাট্যদল কসবা অর্থের নাটক ‘যোনী’, ওপেন স্পেসের থিয়েটারের ‘টুয়াল্ভ অ্যাংরিম্যান’, বুনন থিয়েটারের ‘সিক্রেট অব হিস্ট্রি’, স্বাগতিক দল পদাতিক নাট্য সংসদের ‘বেদের মেয়ে’, নাট্যম রেপাটরীর ‘দমের মাদার’ এবং দৃষ্টিপাত নাট্য সংসদের আলোচিত নাটক ‘নাগর আলীর কিচ্ছা’। একইভাবে স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে ভারতের দল আমতা পরিচয়ের ‘এলা দিদি’, ধ্রুপদী অ্যাকটিং স্পেসের ‘নভেরা’, সিলেটের নাট্যদল বাংলা থিয়েটারের ‘বেহুলা সুন্দরী’, মানিকগঞ্জের দল নিরাভরণ থিয়েটারের ‘জুইমালা সইমালা’, শূন্যন রেপার্টরির ‘লাল জমিন’ ও বাতিঘরের ‘রেড ক্লিফ লাইন’।