বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর এখনো দুর্বল। খাওয়ার কোনো রুচি নাই।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ডা. মাহবুবুল বলেন, ‘মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখেছেন। তারা জানিয়েছেন, বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেওয়া হয়েছে, সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। তার ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে।’
গত মঙ্গলবার বিএসএমএমইউ পরিচালক জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো। হাসপাতালের চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট বলেও দাবি করেন তিনি।
রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে গত সোমবার দুপুরে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হয়। সেদিন পরিচালক বলেছিলেন, খালেদা জিয়ার ঘুম হচ্ছে না।
এখন বিএনপিপ্রধানের ঘুম হচ্ছে কি না জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুল হক বলেন, ‘জি, এখন ঘুম হচ্ছে। এখন উনার পা ও হাতে ব্যথা আছে। পায়ের ও হাতের জয়েন্টে ব্যথা আছে। তার ব্লাড সুগার এখনো বেশি। ব্লাড সুগার রেনডম ১৪ আসছে। এটি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।’
খালেদা জিয়ার চিকিৎসায় বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক জিলন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেনÑ রিউমাটোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজিলা পারভিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেছা আহমেদ ও অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী ইকবাল মাহমুদ।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন।