খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার কথা বিভিন্ন দেশের কূটনীতিকদের জানিয়েছেন বিএনপি নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ কথা তুলে ধরা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কূটনীতিকদের কাছে এই নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার কথা তুলে ধরা হয়েছে। তারা মনোযোগ দিয়ে শুনেছেন।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের চেয়ারপারসন হেঁটে কারাগারে গেছেন। সেখানে অসুস্থ হওয়ার পর তার যথাযথ চিকিৎসা হয়নি। তাই এখন অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হচ্ছে। হুইল চেয়ারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে। দলের পক্ষ থেকে বারবার সরকারকে তার উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি জানানো হলেও তা করা হচ্ছে না। তাই খালেদা জিয়াকে নিয়ে বিএনপি উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছে।
বৈঠকে কূটনীতিকদের মধ্যে ছিলেন জাপান, নরওয়ে ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মিয়ানমার, তুরস্ক, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও মরক্কোর উপরাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ভারতের সহকারী হাইকমিশনার।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ জ্যেষ্ঠ নেতারা।