মহিলা দলের সমাবেশে রিজভী

খালেদার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যতদিন পর্যন্ত না গণতন্ত্র মুক্তি পায়, যতদিন পর্যন্ত না গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি না পাবেন ততদিন আন্দোলন চলবে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিল বের করেন মহিলা দলের নেতাকর্মীরা। বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, ‘অন্যায়-অত্যাচারে বিরুদ্ধে সত্যের জন্য এই ইট-পাথর-কংক্রিটের রাজপথে মিছিল চলবে, আন্দোলন চলবে। যাত্রাবাড়ী থেকে গাবতলী আর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মিছিল চলবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনকে বন্দি করে সাময়িক লাভ খুঁজছেন। কিন্তু এতে কি আপনার মনে শান্তি আছে? অবৈধভাবে, অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে কখনো মনে শান্তি থাকে না। পতনের আশঙ্কায় আপনার দুশ্চিন্তা সব সময় থাকবে।’

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস এবং কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভুঁইয়া, সাবিনা ইয়াসমীন, মাসুদা খানম লতা, নিলুফার ইয়াসমীন নিলু, সেলিনা হাফিজ ও মর্জিনা আফসারী বক্তব্য দেন।