ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রি ছাড়াই মাদ্রাসায় কৃষি শিক্ষকদের যোগদানের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এর আগে গত বছর প্রকাশিত কারিগরি ও মাদ্রাসাশিক্ষক এমপিও নীতিমালায় মাদ্রাসার কৃষি বিষয়ের শিক্ষকদের বিএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু গত ২৪ জানুয়ারি এনটিআরসিএ সুপারিশকৃত মাদ্রাসার কৃষি শিক্ষকদের বিএড যোগ্যতা নেই। ফলে নিয়োগে বাধাপ্রাপ্ত হন তারা। আর এই জটিলতা কাটাতে নীতিমালা সংশোধন করে তাদের নিয়োগ দিতে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গণবিজ্ঞপ্তি জারি করে বিএড ডিগ্রি ছাড়াই যোগদানের পথ খুলে দিয়েছে এনটিআরসিএ।
এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি এ ব্যাপারে একটি সুপারিশ ও প্রস্তাবনা অনুমোদনের জন্য মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। সেই অনুমোদন পাওয়ার পর শর্ত শিথিলের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে এসব শিক্ষক এখন নিয়োগ পেলেও নিয়োগের পর দ্রুতই তাদের বিএড যোগ্যতা অর্জন করতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে।’