আসগরকে সরিয়ে তিন অধিনায়কের ফর্মুলায় আফগানিস্তান

অধিনায়কের দায়িত্ব থেকে আসগর আফগানকে সরিয়ে দিয়ে তিন সংস্করণের জন্য আলাদা আলাদা অধিনায়ক নির্বাচন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এত দিন সব সংস্করণে আফগানদের নেতৃত্বে ছিলেন আসগর।

ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্টে তার জায়গায় আফগানিস্তানের দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে গুলবাদিন নবী, রশিদ খান এবং রহমত শাহকে।

আফগানিস্তানের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩৭ ম্যাচে জয় পেয়েছেন আসগর।

তার নেতৃত্বে ৫৬টি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। জয় ৩১টিতে। টেস্টে অধিনায়ক ছিলেন দুই ম্যাচে।

২০১৮ সালের জুনে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে তার অধীনে মাঠে নামে দল। সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম টেস্ট জয়েরও নেতৃত্ব দেন।

২০১৫ সালের এপ্রিলে অধিনায়ক করা হয় তাকে। ২০০৯ সাল থেকে তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য।

মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেখান থেকেই শুরু হবে দেশটির তিন অধিনায়কের যুগ।