মৌলভীবাজারে মন্দির উদ্বোধন, নাটমণ্ডপ পরিদর্শনে রীভা গাঙ্গুলী

ভারতীয় অর্থায়নে দুই কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা ব্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে পূজা মন্দির ও মণ্ডপ উদ্বোধন করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

শুক্রবার সকালে এর নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রীভা গাঙ্গুলী। এ ছাড়া তিনি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ভারতীয় হাইকমিশনের ৩৫ লাখ টাকা সহায়তায় নির্মাণাধীন আধুনিক মণিপুরী থিয়েটার স্টুডিও নাটমণ্ডপের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

মন্দিরের উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন একটা সোনালি অধ্যায়ের মধ্য দিয়ে অতিক্রম করছে। বাংলাদেশের সিলেট বিভাগ একটি গুরুত্বপূর্ণ স্থান। এই সিলেটের সঙ্গে ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরার সীমান্ত রয়েছে। এই তিন রাজ্যের সঙ্গে সিলেটের ভাষা, সংস্কৃতি ও সামাজিকতায় সুনিবিড় সম্পর্ক রয়েছে। ফলে প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সিলেটে একটি ভারতীয় ভিসা কেন্দ্র চালু করা হয়েছে।

তিলকপুর সর্বজনীন পূজা মন্দির ও মণ্ডপ কমিটির সভাপতি, প্রাক্তন প্রধান শিক্ষক ছালিয়া সিংহের সভাপতিত্বে ও মানবিকা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা।