ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

মিরপুর উপজেলায় দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক দাবিতে নির্যাতনের পর হত্যা করে ওই গৃহবধূর লাশ ঝুলিয়ে রাখা হয়। গতকাল শুক্রবার সকালের ওই ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী ও শ্বশুর। মৃত সানজিদা

খাতুন (২৫) সুলতানপুর গ্রামের ট্রাকচালক খোকনের স্ত্রী। তাদের মরিয়ম (৪) ও ফারুক (১১ মাস) নামে দুই সন্তান রয়েছে। খোকনের বাসা থেকে সানজিদার লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

মৃতের বাবা সাইদুল ইসলাম বলেন, ছয় বছর আগে পারিবারিকভাবে খোকন ও সানজিদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে টাকার জন্য চাপ দিয়ে আসছিল। যৌতুক দিতে অপারগতা জানানোয় সানজিদার ওপর শারীরিক নির্যাতন শুরু করে তারা। গতকাল সকালে সানজিদাকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন ১ লাখ টাকা আনতে চাপ দিলে সে অপারগতা জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সানজিদার মাথায় আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে।

মিরপুর থানার ওসি (তদন্ত) আবদুল আলিম জানান, গৃহবধূর ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে মৃতের স্বামী খোকন ও শ্বশুর আবুল কালাম পলাতক।’