কুষ্টিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে পূর্ব দ্বন্দ্বের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে ভাষা শেখ (৪৮) নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে পোড়াদহের চকপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ভাষা শেখ পোড়াদহ ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত গনি শেখের ছেলে। ভাতিজা বাদশা (২৬) নিহত ভাষা শেখের চাচাতো ভাই হায়দার আলীর ছেলে।

স্থানীয় প্রত্যাক্ষদর্শী সূত্রে জানায়, নারীঘটিত বিষয়ে নিহত ভাষা শেখের সঙ্গে ভাতিজা বাদশার দীর্ঘদিন ধরে বিদ্যমান দ্বন্দ্বের জেরে শুক্রবার রাত ১০টার দিকে ভাষা শেখের চায়ের দোকানে ভাতিজার কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় উত্তেজিত বাদশার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে চাচার বুকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ভাষা শেখকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে নিহতের ভাতিজা বাদশাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।