৭ তলার বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ১২ তলা গাজী কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের ৭ তলার বারান্দা থেকে নিচে পড়ে চার বছর বয়সী শিশু আনিকা আক্তারের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আনিকার বাবা হাফেজ নেয়ামত উল্লা। সে বাবা মায়ের একমাত্র সন্তান। তাদের গ্রামের বাড়ি শহরের পূর্বলাছ এলাকায়। পৌর শহরের গাজী কমপ্লেক্সের ৭ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তারা।

নিহত আনিকার বাবা হাফেজ নেয়ামত উল্লা জানান, দুপুরে বাসার বারান্দায় খেলছিল আনিকা। খেলার একপর্যায়ে কার্নিশ টপকে বারান্দার টবে লাগানো ফুল গাছ থেকে ফুল নিতে গিয়ে ভবনের নিচে রাস্তায় পড়ে যায় আনিকা। স্থানীয় ব্যবসায়ী ও স্বজনেরা দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ওসি (তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, শিশুটির লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। এঘটনায় রায়পুর থানায় অপমৃত্যুর ডায়েরি করা হবে।