গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দি দক্ষিণপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ৫০ ঘরের টিনের চালা মরিচা ধরে বড় বড় ছিদ্র হয়ে গেছে। দুই বছর ধরে সামান্য বৃষ্টি হলেই ছিদ্র দিয়ে ঘরে পানি প্রবেশ করছে। এতে দুর্ভোগে রয়েছে ওই ৫০ পরিবারের প্রায় ২০০ মানুষ।
এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয় ২০০৪ সালে। ওই বছর প্রকল্পের ঘরগুলোতে আশ্রয় নেয় নদীভাঙনে নিঃস্ব হওয়া ও হতদরিদ্র ৫০ পরিবার। বর্তমানে ঘরগুলোর টিনের চালা নষ্ট হওয়ায় বৃষ্টির দিনগুলোতে ভুগতে হচ্ছে তাদের। কয়েক বছর আগেই ব্যবহারের অনুপযোগী হয়েছে টিউবওয়েল ও শৌচাগার।
এই আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করে খোতেজা বেগমের (৬০) পরিবার। তিনি বলেন, দুই বছর ধরে সামান্য বৃষ্টি হলেই মরিচা ধরা নষ্ট টিনের চালার ছিদ্র দিয়ে ঘরে পানি ঢোকে বিছানা, কাপড়, খড়ি নষ্ট হয়ে যায়। ঘরে পানি ও কাদায় ভরে যায়। এতে খুব কষ্ট পেতে হচ্ছে। গত শুক্রবার রাতের শিলাবৃষ্টিতে টিনের চালা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোবিন্দি গ্রামের ইউপি সদস্য মাজেদুল আকন্দ বলেন, টিনের চালা নষ্ট হওয়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত বছর আশ্রয়ণ প্রকল্পটি তৎকালীন জেলা প্রশাসক দেখতে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছিলেন। এরপর আর কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল ঘোষ বলেন, এসব আশ্রয়ণ প্রকল্পের জন্য কোনো বরাদ্দ থাকে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনেকবার বিষয়টি জানানো হয়েছে।