নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের মা ও তিন সন্তান দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর গিরিধারা আবাসিক এলাকায় ৫তলা একটি ভবনের ৪র্থ তলায় সিলিন্ডার ছিদ্র থেকে এই বিস্ফোরণ ঘটে।
রান্নাঘরে বিস্ফোরণ ঘটলে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গৃহকর্ত্রী ফাতেমা (৩৫), তার ছেলে রাফি (১১) ও সাফওয়ান (৫) এবং মেয়ে ফারিয়া (৯) অগ্নিদগ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, ‘দগ্ধ ৪ জনের মধ্যে ৩ জনের প্রায় ৯৫ শতাংশ এবং একজনের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা খুবই ক্রিটিক্যাল। রিকভার করা প্রায় অসম্ভব।’
গুরুতর দগ্ধ ফাতেমা বলেন, ‘রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে লিকেজ ছিল। আমরা পাশের ঘর থেকে গ্যাসের গন্ধ পাচ্ছিলাম। হঠাৎ রান্না ঘরে বিস্ফোরণ হয়। গ্যাস ছড়িয়ে পড়ায় আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এরপর আর কিছু মনে নেই।’
ফাতেমার স্বামী আবদুর রহিম জানান, তিনি একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তার মেয়ে ফারিয়া স্থানীয় ডিলাইট স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে এবং ছেলে রাফি পড়ে পঞ্চম শ্রেণিতে।