প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে ভেঙে যাচ্ছে- এমন গুজবে দিন কয়েক ধরে সরগরম ছিল সিনে ইন্ডাস্ট্রি। কিন্তু আপাতত তেমন কোনো আশঙ্কা নেই। প্রিয়াঙ্কার মুখপাত্রও এই খবরের সত্যতা স্বীকার করেননি। যে মার্কিন ম্যাগাজিনে প্রথম এই খবর প্রকাশিত হয়েছিল, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবেন প্রিয়াঙ্কা। এ তো গেল তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কিন্তু নিকের সঙ্গে সম্পর্ক যে আদৌ নষ্ট হয়নি, সোশ্যাল মিডিয়ায় তা প্রমাণের নাকি আপ্রাণ চেষ্টা করছেন পিগি চপস। বিচ্ছেদের জল্পনা শুরু হওয়ার পরই জোনাস ভাইদের অনুষ্ঠানে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়াঙ্কা। আটলান্টার অনুষ্ঠানের মঞ্চে যখন নিক, সে সময় দর্শকসারিতে বসে প্রিয়াঙ্কার উৎসাহ দেওয়ার ভিডিও ছড়িয়েছিল ওয়েব ওয়ালে। এবার নিকের বোন ও ভাইয়ের স্ত্রীর সঙ্গেও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা। আর সেসব দেখে সিনে মহলের অনেকেরই মনে হচ্ছে, নিকের পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, এসব সোশ্যাল পোস্টে যেন তারই ইঙ্গিত দিচ্ছেন প্রিয়াঙ্কা। এদিকে, আন্তর্জাতিক তারকা হিসেবে খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের জন্য একজন মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট খুঁজছেন। তার আগামী সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’-এর জন্য সহকারী প্রয়োজন তার। সে জন্য প্রিয়াঙ্কা তার ডেটিং অ্যাপ বাম্বল-এর প্রোফেশনাল নেটওয়ার্কিং সাইট বাম্বল বিজ-এ চাকরির বিজ্ঞাপন দিলেন। শুধু এই নয়, প্রিয়াঙ্কা একই সঙ্গে তার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রযোজনা সংস্থা পার্পল পেবেল প্রোডাকশনসের জন্যও একজন প্রোডাকশন ইন্টার্ন খুঁজছেন। আপনার যদি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করার ইচ্ছে থাকে, তবে সেই সময় কিন্তু হাতের নাগালে। প্রোফেশনাল নেটওয়ার্কিং সাইট বাম্বল বিজে প্রিয়াঙ্কার সহকারী পদে আবেদন করতে পারেন আপনিও।