‘বাংলাদেশের অর্থনীতি উন্নত স্তরে পৌঁছাচ্ছে’

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) প্রেসিডেন্ট বান্দার এম এইচ হাজ্জার বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের অর্থনীতি পরিবর্তনের মধ্য দিয়ে এক স্তর থেকে উন্নততর আরেক স্তরে পৌঁছাচ্ছে। এ জন্য বাংলাদেশের আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আরও বেশি সম্পদের প্রয়োজন। বাংলাদেশের অর্থনীতির এই পটপরিবর্তনে সহায়তা অব্যাহত থাকবে আইএসডিবি’র।

মরক্কোর রাজধানী মারাকাসে আইএসডিবির ৪৪তম বার্ষিক সভায় যোগদান করতে সেখানে যাওয়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বান্দার এম এইচ হাজ্জার। তিনি বলেন, বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্কসহ আরও কয়েকটি ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নের প্রস্তাব পরীক্ষা করছে আইএসডিবি। পরীক্ষা নিরীক্ষা শেষে এ সকল প্রকল্পে সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ‘ট্রান্সফর্মিং ইন এ ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড : এ রোড টু এসডিজি’স’ শিরোনামে আইএসডিবির ৪৪ তম বার্ষিক সভায় ২০৩০ সালের মধ্যে সদস্য রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।

পরে মুস্তফা কামাল মরক্কোর অর্থমন্ত্রী মোহাম্মদ বেঞ্চাবোনের সঙ্গে বৈঠক করেন। সেখানে দু’দেশের পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স ও চামড়াজাত পণ্য উৎপাদনে বিনিয়োগে আহ্বান জানান অর্থমন্ত্রী। এছাড়া, এসব পণ্য যাতে মরক্কোর বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পায়, সে বিষয়ে অনুরোধ করেন তিনি।  বৈঠককালে বাংলাদেশ সফরে আসার আগ্রহের কথা জানান মোহাম্মদ বেঞ্চাবোন। এসব বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ উপস্থিত ছিলেন।