দেশে পরিবেশ পুলিশ গঠনের প্রয়োজনীয়তা বাড়ছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, দেশে পরিবেশ পুলিশ গঠনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘যদিও পরিবেশ অধিদপ্তর সরকারের আলাদা একটি সংস্থা, তাদের নিজস্ব গতিতে তারা কার্যক্রম পরিচালনা করে থাকে। পরিবেশ যেখানে বিঘিœত হয়, সেখানে তারা আইন প্রয়োগ করে থাকেন। সত্যিকার অর্থে যদি পরিবেশ রক্ষা করতে হয়, তাহলে পরিবেশ পুলিশের প্রয়োজন আছে।’ তিনি আরও বলেন, ‘যত্রতত্র রাস্তার আশপাশে যে পরিমাণ ইটভাটা হচ্ছে, তাতে পরিবেশ বিনষ্ট হচ্ছে। এক কিলোমিটার রাস্তা চলাচলের সময় ৮-১০টা ইটের ভাটা চোখে পড়ে। ইটের ভাটাগুলো যেভাবে মাটির টপসয়েল নষ্ট করে জমির উর্বরতা হারাচ্ছে, তাতেও আশপাশের পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিশেষ করে কৃষিজমিতে কৃষিপণ্যের উৎপাদন কমে যাচ্ছে, আম গাছে আম না ধরাসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।’

আইজিপি একই দিনে গোপালপুর সার্কেল অফিস, সখিপুর এসআই কোয়ার্টার, মির্জাপুর এসআই কোয়ার্টার ও পুলিশ হাসপাতালের অপারেশন থিয়েটার উদ্বোধন এবং পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক ও নার্স ডরমেটরি, সাগরদিঘি তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরিবেশ পুলিশের প্রয়োজনীয়তা তুলে ধরে আইজিপি আরও বলেন, ‘ইটভাটার ধোঁয়ায় মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানে পরিবেশ অধিদপ্তরের পর্যাপ্ত পরিমাণ জনবল আছে কি না, সেটা আমার জানা নেই। তবে এসব সমস্যা দেখভাল করার জন্য যদি পরিবেশ পুলিশ থাকত, তাহলে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতাম।’

ওই সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।