বিজেপির ‘শটগান’ কংগ্রেসে

ভারতের রাজনীতিতে ‘শটগান’ নামে খ্যাত অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহা গতকাল শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। বিজেপিতে ওয়ানম্যান শো ও টু-ম্যান আর্মি চলছে বলে শনিবার রাজধানী দিল্লিতে ভারতীয় কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে কংগ্রেসে নাম লেখান তিনি।

তিন দশক ধরে বিজেপির রাজনীতির  সঙ্গে যুক্ত শত্রুঘ্ন বলেন, ‘আমি তাদের (বিজেপি) বোঝানোর চেষ্টা করেছিলাম দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়। কিন্তু আমি এসব বলায় ‘বিদ্রোহী’ আখ্যা পেয়েছি। ফলে বাধ্য হয়ে বলতে হচ্ছে ‘যদি সত্য বলাটা বিদ্রোহ হয়, তবে আমি একজন বিদ্রোহী।’

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিজেপির সব সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো মন্ত্রী স্বাধীনভাবে কাজ করতে পারেন না এমন অভিযোগও করেন শত্রুঘ্ন সিনহা। তিনি এবারের নির্বাচনে কংগ্রেসের হয়ে বিহারের পাটনা সাহিব এলাকা থেকে নির্বাচন করবেন।

শত্রুঘ্ন সিনহার বিজেপি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি বিজেপি সমর্থকরা। এই নিয়ে রাজনীতির অঙ্গনে নানান আলোচনা চলছে। তবে এ সময় বাবার পাশে এসে দাঁড়ান মেয়ে বলিউড তারকা সোনাক্ষী সিনহা। তার মতে, শত্রুঘ্ন সিনহার এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল।

গত ২৮ মার্চ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন শত্রুঘ্ন সিনহা। নবরাত্রির দিন থেকে কংগ্রেসের সঙ্গে তার নতুন যাত্রা শুরু হবে এমন ইঙ্গিত তিনি তখনই দিয়েছিলেন। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, ‘রাহুল গান্ধী খুব ইতিবাচক মানুষ। তিনি আমার বেশ প্রশংসা করে বলেন, আমি বিজেপিতে থেকেই বিদ্রোহ ও সমালোচনা করেছি। রাহুল আমার চেয়ে ছোট, কিন্তু আজ তিনি দেশের একজন জনপ্রিয় নেতা।’

২০১৪ সালে পাটনা সাহিব থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নানা বিষয়ে তার মতবিরোধ হয়। মাঝেমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সমালোচনা করেছেন তিনি।