বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘দেশের সব প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়েছে। একটি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সব সময় অবলীলায় মিথ্যা কথা বলেন। গত শুক্রবারও তিনি বলেছেন বিএনপির বিরুদ্ধে কোনো মামলাই মিথ্যা নয়। এগুলো কি কেউ বিশ্বাস করে? আজকে সারা দেশের মানুষ জানে মামলাগুলো সত্য না মিথ্যা।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের একটি মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, ‘বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় পাঁচ হাজার মামলা দিয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সংলাপ হয়েছিল তখন গায়েবি মামলার তালিকা দেওয়া হয়েছিল।’
দেশকে বিরাজনীতিকরণ করেছে সরকার এ অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনের আগে থেকেই এ ষড়যন্ত্র শুরু হয়েছিল। তখন মাইনাস টু ফর্মুলা আনা হয়েছিল, মাঝে বিরতির পর আবার নতুনরূপে সেটা আনা হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘কারাবন্দি খালেদা জিয়া খুবই অসুস্থ। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু সরকার-নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সেটা সম্ভব নয়। খালেদা জিয়াকে তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা বন্দুকের নলের জোরে ক্ষমতায় রয়েছে। সব রাষ্ট্রযন্ত্র করায়ত্ত করে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। কিন্তু এভাবে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না।’
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে কাউন্সিলে আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।