ফেনীতে নিখোঁজের ৭দিন পর স্কুলছাত্রের লাশ মিলল ডোবায়

ফেনীতে নিখোঁজের সাতদিন পর আরাফাত হোসেন শুভর (১৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরতলীর তেমুহনি বাজার সংলগ্ন মাথিয়ারায় একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ বিকেলে সাইকেল নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ হয় শুভ। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্বজনরা পুলিশকে অবগত করেন। পরে শনিবার রাতে তেমুহনি বাজারের মাথিয়ারার একটি দোকানে তার সাইকেল, পরবর্তীতে ওই দোকানের পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরাফাত হোসেন শুভ পার্শ্ববর্তী কাশিমপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি স্থানীয় মাদার কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় পাঁছগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, ঘটনার সঙ্গে জড়িত যেই হোক না কেন তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”