মদপানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রুশ প্রকৌশলীর মৃত্যু

মদপানে অসুস্থ হয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ প্রকৌশলী দিমিত্রি বেল্লি (৪১) মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও দুই রুশ প্রকৌশলী।

শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিমিত্রি বেল্লি মারা যান।

বর্তমানে দুই রুশ প্রকৌশলী মিকায়েল দিমা ও লোগেচেভ লেভ নগরের লক্ষ্মীপুর এলাকার সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন মিকায়েল দিমা বলেন, শনিবার সকালের দিকে তারা হুইক ব্রান্ডের মদপান করেন। সন্ধ্যার পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রথমে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহীতে আনার পরে রাত ১০টা ৩১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক দিমিত্রি বেল্লিকে মৃত ঘোষণা করেন।

রাতেই রাজশাহী মেডিকেল থেকে ওই দুই প্রকৌশলীকে সিডিএম হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কোয়েল চৌধুরী জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাদের নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ পাহারা বসানো হয়েছে।