রূপপুরে ‘বিষাক্ত মদ’ পানে রুশ নাগরিকের মৃত্যু

মদের বিষক্রিয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কমর্রত রুশ নাগরিক বেইলি দিমিত্রির (৪১) মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, এ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের বাসস্থান গ্রিন সিটিতে গত শনিবার রাতে এ ঘটে। গুরুত্বর অসুস্থ মিখাইল, বার্কোলভ আলেকজান্ডার এবং লগোচেভলেব ভ্লাদিমিরভিচকে ঢাকায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, তারা সবাই বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাতা প্রতিষ্ঠান এএসই’র সাব ঠিকাদার রুশ কোম্পানি নিকিমথ এতরোস্তরায়ের টেকনিশিয়ান ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিন সিটির এক কর্মচারী বলেন, ‘ওই চারজন শনিবার সন্ধ্যায় ৫নং ভবনের ১২ তলার একটি ফ্ল্যাটে মদ পান করেন। রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ পেট ও বুকের ব্যথায় তারা অচেতন হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে সিটির আবাসিক ডাক্তারকে খবর দেওয়া হয়। পরে প্রথমে তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে দিমিত্রির মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য অপর তিনজনকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে।’

রামেক হাসপাতালের মেডিকেল অফিসার নাফিজ রহমান জানান, হাসপাতালে আনার আগেই দিমিত্রির মৃত্যু হয়।