বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসাবে তিন বছর দায়িত্বে থেকে উন্নয়নের কাজ করতে পারেননি। উন্নয়নের ফাইল নিয়ে ঘুরেছেন মন্ত্রী, এমপিসহ বিভিন্ন দপ্তরে। উন্নয়ন থেকে বাদ পরে ঠাকুরগাঁও পৌর সভার নাম। অদৃশ্য শক্তির কারণে বাদ পরা ঠাকুরগাঁও পৌর সভার রাস্তা-ঘাটের অবস্থা নাজুক হয়ে পড়ে। এতে দুর্ভোগে পরে ঠাকুরগাঁও পৌরবাসী।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ঠাকুরগাঁও সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আ. লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নের তালিকা নিয়ে পৌর মেয়র যান স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশীর কাছে। লিপিবদ্ধ হয় ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়ন।
জনসভায় ঠাকুরগাঁও পৌর সভার উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। এর পর প্রধানমন্ত্রীর ঘোষণা আসে পৌরসভার উন্নয়ন হবে।
এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার স্বর্ণকার পট্টি থেকে মির্জা পাম্প পর্যন্ত পৌনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণে বরাদ্দ আসে ১ কোটি ৮৫ লাখ টাকা।
সোমবার ঠাকুরগাঁও শহরের স্বর্ণকার পট্টি এলাকায় এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌরসভার উন্নয়নের কাজ দৃশ্যমান হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পৌরসভার দাবিগুলো মেনে নিয়েছেন। এবং ঘোষণা দিয়েছেন পৌরসভার দাবিগুলো বাস্তবায়ন করা হবে।
মির্জা ফয়সল বলেন, বিরোধী দলের মেয়র হওয়ায় গত তিন বছর পৌরসভার উন্নয়নের কাজ করতে পারিনি। এ ব্যর্থতার দায় নিজের ঘারে নিয়ে পৌর মেয়র বলেন, দলমত নির্বিশেষে পৌরসভার উন্নয়ন কাজ হবে এটাই আমরা আশা করি।
সড়ক পুনঃনির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন পৌর মেয়র মির্জা ফয়সল আমীনের বক্তব্যের উত্তরে বলেন, তিন বছর পৌরসভার উন্নয়ন না হওয়ার পেছনে কিছু কারণ ছিল। এর পরেও আমি যথাযথ চেষ্টা করেছি। ঠাকুরগাঁও পৌরসভা মডেল পৌরসভা হবে, সদর উপজেলা মডেল উপজেলা হবে। এ জন্য সব ধরনের উন্নয়ন কাজ করা হবে বলে অঙ্গীকার করেন সাংসদ রমেশ সেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমুখ।